আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
চব্বিশের জুলাই আন্দোলনের পর সরকার পতনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারে থাকাকালীন তিনি কারাবিধি অনুযায়ী ডিভিশন সুবিধা পেলেও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিমেনশিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।
পরবর্তীতে ২০২৫ সালের ৫ আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গত বছরের ১৪ আগস্ট জামিনে মুক্তি পান তিনি। ঢাকা ও চট্টগ্রামে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি আসামি ছিলেন। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হন সাবেক এই মন্ত্রী।
রাজনীতির দীর্ঘ জীবনে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
স্বদেশ সময়