ঢাকা | বঙ্গাব্দ

বরিশালে একাধিক সরকারি দপ্তরের গভীর নলকূপ অকেজ বিশুদ্ধ পানির সংকট

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক : মাইদুল ইসলাম মামুন | নিউজটি দেখেছেনঃ 17640 জন
বরিশালে একাধিক সরকারি দপ্তরের গভীর নলকূপ অকেজ  বিশুদ্ধ পানির সংকট ছবির ক্যাপশন:
ad728
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একাধিক সরকারি দপ্তরের স্থাপিত গভীর নলকূপ দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন সাধারণ মানুষ।

উপজেলা চত্বরের বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে স্থাপিত অনেক গভীর নলকূপই বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও মেশিন নষ্ট, কোথাও পাইপ লাইনে ত্রুটি, আবার কোথাও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে নলকূপগুলো অচল অবস্থায় রয়েছে। এসব অচল নলকূপগুলো সংস্কারে কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই।

স্থানীয় বাসিন্দারা জানান, বিশুদ্ধ পানির জন্য এসব গভীর নলকূপই ছিল একমাত্র ভরসা। কিন্তু সেগুলো অকেজো হয়ে যাওয়ায় তারা এখন পুকুর বা অস্বাস্থ্যকর উৎসের পানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন, যা বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, হিসাবরক্ষণ কার্যালয়, মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়, উপজেলা পরিষদের কোয়াটার সহ বিভিন্ন সরকারি দপ্তরে বছরের পর বছর ধরে গভীর নলকূপ অকেজো হয়ে পড়ে রয়েছে। যে কারণে উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন রাবেয়া বেগম জানান, তিন দিন ধরে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে আমরা চরম দুর্ভোগে রয়েছি কারণ এখানে কোন বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না। দোকান থেকে পানির বোতল কিনে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে।

পৌর এলাকার সাহেবগঞ্জের বাসিন্দা হালিম বলেন, দীর্ঘদিন ধরে নলকূপগুলো নষ্ট হয়ে পড়ে আছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। এই এলাকার মানুষ বিশুদ্ধ পানির জন্য চরম ভোগান্তিতে আছি।

এলাকাবাসীর দাবি, দ্রুত অকেজো গভীর নলকূপগুলো মেরামত ও নতুন নলকূপ স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। অন্যথায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, পৌর এলাকায় গভীর নলকূপ স্থাপনের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। গভীর নলকূপ অকেজো থাকার বিষয়টি আমাদের দেখার দায়িত্ব নয়।

বাকেরগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদার জানান, উপজেলায় সরকারি দপ্তরের গভীর নলকূপ অকেজো থাকলে সেগুলো সংস্কার করা সহ নতুন করে গভীর নলকূপ স্থাপন করার প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিনাজপুর ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে

দিনাজপুর ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে