Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট-এর ৫০ বছরে ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট-এর ৫০ বছরে ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট এর গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে তাদের দীর্ঘ পথচলা, যেখানে মানবসেবা ও কমিউনিটি উন্নয়নে পাঁচ দশকের অবদান তুলে ধরা হয়। এই বিশেষ আয়োজনে ক্লাবটি তাদের নিয়মিত ধারাবাহিকতার অংশ হিসেবে ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করে, যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাঁচজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সিপারেন্সি ইন্টার্নেশনাল বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী, যিনি ক্লাবের চেয়ারম্যান ও সেক্রেটারির সঙ্গে যৌথভাবে পুরস্কারসমূহ প্রদান করেন।

শান্তি প্রতিষ্ঠা ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন বিসিএসএ-এর প্রতিষ্ঠাতা সভাপতি জুনাইদ পাইকার এবং শিক্ষা ও সাহিত্য ক্যাটাগরিতে সম্মাননা পান জাদুপিসি-এর প্রতিষ্ঠাতা মাসরুর হানান।

পরিবেশ সংরক্ষণ ক্যাটাগরিতে পুরস্কৃত হন মিশন গ্রীন বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আহসান রনি। স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন ইপসা-এর প্রতিষ্ঠাতা ড. মো. আরিফুর রহমান।

এছাড়াও, কমিউনিটি অর্থনৈতিক উন্নয়ন (প্রতিষ্ঠান ক্যাটাগরি)-তে সম্মাননা পায় এনইউএসডিএফ বাংলাদেশ, যার পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজ খান এবং তার টিম।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, এই পুরস্কার রোটারির “সার্ভিস অ্যাভোব সেল্ফ” নীতিকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার একটি প্রচেষ্টা।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মো. আবদুর রহিম চৌধুরী, এবং অ্যাওয়ার্ড সেগমেন্টের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মাদ আলতামিশ নাবিল। পদক প্রদান শেষে, সকল পুরস্কারপ্রাপ্ত ও অতিথিদের নিয়ে এক সম্মিলিত ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় রোটারি ক্লাব হিসেবে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট বিগত পাঁচ দশক ধরে মানবসেবা, যুব উন্নয়ন এবং সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF