চট্টগ্রামে ছিনতাই হওয়া একটি সাদা রঙের এক্স নোহা গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি মোবাইল টিম তৎপর হয়। খবর ছিল, চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে একদল ছিনতাইকারী একটি নোহা গাড়ির চালককে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যাচ্ছে।
সংবাদের ভিত্তিতে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নজরদারি জোরদার করে। পরে বার আউলিয়া মাজার এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে দেখতে পেয়ে থামানোর সংকেত দিলে ছিনতাইকারীরা উল্টো পথে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
পুলিশ তাদের ধাওয়া করলে সীতাকুণ্ড মডেল থানাধীন শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় ঢাকামুখী লেনে গাড়িটি ফেলে রেখে দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। উদ্ধার হওয়া গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-১৪-৪৮১০।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।